মোটরসাইকেলের নম্বর প্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভধাতুর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। সরকার মোটরসাইকেলের পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের পাশাপাশি সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সম্মুখভাগে নিম্নবর্ণিত শর্তানুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

বিআরটিএ-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মোটরসাইকেল (স্কুটার) এর নম্বর প্লেটের দৈর্ঘ্য-২০০ মি.মি. ও প্রস্থ-১০০ মি.মি.। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি.। 

স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের দৈর্ঘ্য-২৮৫ মি.মি. ও প্রস্থ ৫০ হবে মি.মি.। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি.।

ম্যানুয়াল নম্বরপ্লেটের উপাদান স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে।

নম্বরপ্লেটটি সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর অন্য কোনও শোভাবর্ধন ও নকশা করা যাবে না।

এ ক্ষেত্রে স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংযোজনপূর্বক তা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।