সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশিকে শাস্তি দেওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সৌদি সরকারের জবাব পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘এই ঘটনাটা কখন, কীভাবে ঘটেছে, সেটা আমাদের মিশনকে অবগত করা হয়নি। এখন কেন অবগত করা হয়নি, কেন জানানো হয়নি, সেটা বিস্তারিত... যেহেতু ডিটেইলস আমাদের সৌদি সরকার জানায়নি, সেজন্য আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। যখন আমি জানতে পারবো, আরও পরিষ্কারভাবে বলতে পারবো।’

তিনি বলেন, সব দেশেরই একটি আইনি কাঠামো রয়েছে। সৌদি আরবের আইন, বিধিবিধান ও বিচারব্যবস্থা বহু বছর ধরে একইভাবে চলে আসছে। দেশটির আইনে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশের করার খুব বেশি কিছু থাকে না।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশেও কোনো বিদেশি অন্যায় করলে দেশের আইনে তার কারাদণ্ড হতে পারে। যে দেশে ঘটনা ঘটবে, সেই দেশের আইনই কার্যকর হবে। এ ঘটনাকে বাংলাদেশের প্রবাসীদের জন্যও একটি শিক্ষা হিসেবে দেখার কথা বলেন তিনি। প্রবাসীদের বিদেশে কাজ করতে গেলে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ঘটনাটি অবশ্যই দুর্ভাগ্যজনক। এ ধরনের খবর তারা আশা করেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি সরকারকে চিঠি দিয়েছে। এখন জবাবের জন্য অপেক্ষা করতে হবে। জবাব পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কারভাবে জানানো যাবে।

প্রতিমন্ত্রী বলেন, ওই দুই বাংলাদেশির নাম জানা গেছে। তবে তারা কত দিন ধরে সৌদি আরবে কাজ করছিলেন, তাদের নিয়োগকর্তা কে ছিলেন এবং ঘটনার বিস্তারিত কী; এসব জানতে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর তাদের মরদেহ কবে ও কীভাবে দেশে আনা যাবে, সে বিষয়ে জানানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে কিছুদিন আগে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান। এ ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের পক্ষ থেকে কিছু সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের কাছ থেকে ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার পর মরদেহ আনার পরবর্তী পদক্ষেপ ও সময় নিয়ে আলোচনা করা যাবে।