প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল করেছে সরকার। ছয় সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় বদলি করা হয়েছে। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দুই অতিরিক্ত সচিবকে দুটি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক নয়টি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাসানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।