যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথা উল্লেখ করে তিনি সবাইকে সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ২৭ বছরে মানবসেবার চারাগাছ থেকে মহীরুহ হয়ে ওঠার পথে রয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম প্রতিষ্ঠানটির উদ্যোগে মহামারি ও দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, ত্রাণ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম তুলে ধরেন। পরে আইডিয়া ফেস্ট ২০২৫-এর বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ ফাউন্ডেশনের নেতারা।