মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও প্রাথমিকভাবে তার পক্ষ থেকে এ খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। 

কিন্তু রবিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে দেওয়া এক স্ট্যাটাসে একই বিষয়ে আবার কথা বলেছেন। সেখানে তিনি পদত্যাগ করা মাত্র সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন।

স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনও সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যেকোনও নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। অতএব এই সংক্রান্ত কোনও তথ্য তৃতীয়, চতুর্থ, অথবা আরও দূরবর্তী কোনও ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজনীয়তা নেই।’

তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনও সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।’