দেশজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আর সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ‘কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সকল উপজেলায় ইউএনও-কে সভাপতি ও থানার অফিসার ইনচার্জকে সদস্য সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাং প্রতিরোধ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ফয়সল হাসান।
তবে কমিটির অন্য সদস্য কারা থাকবেন, কী ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং কত দিনের মধ্যে কমিটি গঠন সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।