একদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, কোথায় কখন

শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে একদিনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, তিন বিভাগের তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন সরকারপ্রধান। সকালে প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন তিনি। পূজামণ্ডপগুলোতে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

রুমন আরও জানান, এই প্রথম বাংলাদেশের কোনও সরকারপ্রধান ঢাকার বাইরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করতে যাচ্ছেন। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

কোথায় কখন যাবেন প্রধানমন্ত্রী?

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকাল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।

রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।