স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী

পিরোজপুরে স্ত্রী ও মেয়ে কবর খুঁড়ে এক মুক্তিযোদ্ধার মরদেহ দাফনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, “আমি আমার দফতরে গিয়ে আজই খোঁজ নেবো। পিরোজপুরে আমাদের যে মুক্তিযোদ্ধা সংসদ আছে, তাদের সঙ্গেও কথা বলবো। এ ধরনের ঘটনা তদন্তে কমিটি করবো এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো।”

তিনি বলেন, “মনে রাখতে হবে দেশটা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনও সুযোগ থাকবে না।”

একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণের বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে যথাযথভাবে জানানো হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিষয়টি জানানো হলে মন্ত্রণালয় আগেই তা নজরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো।”

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই শক্তি এখনও দেশে রয়েছে বলে তিনি মনে করেন। তারা বিভিন্ন কৌশলে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে এবং সুযোগ পেলে মুক্তিযুদ্ধকে খাটো করে বিভিন্ন আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করতে মন্ত্রণালয় কাজ করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন।