ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলরত ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে এ বিধিমালা প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ বিধিমালার নাম হবে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’।

বিধিমালা অনুযায়ী, দুই জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন অটোরিকশার নিবন্ধন ফি (এককালীন) ৮ হাজার টাকা এবং নবায়ন ফি (বাৎসরিক) ৪ হাজার টাকা। চার জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন অটোরিকশার নিবন্ধন ফি (এককালীন) ১০ হাজার টাকা এবং নবায়ন ফি (বাৎসরিক) ৫ হাজার টাকা। ফিটনেস সার্টিফিকেট ফি
১০ হাজার টাকা। 

প্রতিটি নিবন্ধিত ই-রিকশাকে কিউআর কোডযুক্ত ইউনিক নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেওয়া হবে। নম্বর প্লেটে সিটি কর্পোরেশনের নাম, অঞ্চলের কোড ও গাড়ির নম্বর সাদা অক্ষরে নির্ধারিত রঙের পটভূমিতে লিখতে হবে। নিবন্ধনের মেয়াদ হবে ৫ বছর এবং একটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফটাইম) হবে ১২ বছর।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। এক সিটিতে নিবন্ধিত রিকশা অন্য সিটিতে বাণিজ্যিক উদ্দেশে চালানো যাবে না।