মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষার ফি নির্ধারণ

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিক্যাল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, মেডিক্যাল টেস্টের জন্য এই নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত কোনও টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিক্যাল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই  ৮ হাজার টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মেডিক্যাল টেস্টের জন্য কোনও দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার জন্যও সতর্ক করা হচ্ছে। 

কোনও মেডিক্যাল সেন্টার  নির্দিষ্ট কোনও রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনও মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

যে এজেন্সি মেডিক্যাল স্লিপ করেছে, কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনও দেরি না করে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনও ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না। 

কোনও মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ আট হাজার টাকার বেশি দাবি করলে বা কোনও ধরনের হয়রানি বা তালবাহানা বা ঝামেলা করলে সঙ্গে সঙ্গে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে (ইমেইল: secretary@probashi.gov.bd)।

মনে রাখবেন, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনও ফি লাগে না।  

মন্ত্রণালয় নিয়মিত মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনও অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে  মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

মানসম্পন্ন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের যথাযথ ভূমিকা পালনের জন্য অনুরোধ এবং সকলের ঐকান্তিক  সহযোগিতা কামনা করা হচ্ছে।