অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি

অভিবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নে সংসদীয় ভূমিকা জোরদার করতে গঠিত ‘বাংলাদেশ পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন, রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর কার্যনির্বাহী ও সাধারণ সদস্যদের যাত্রা শুরু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে এই ককাসের ঘোষণা দেওয়া হয়। এই ককাসের সচিবালয়ের দায়িত্ব পালন করবে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

নতুন এই ককাসের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের নেতৃত্বে ১০ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ১২ সদস্যের সাধারণ সদস্য পরিষদ নিয়ে মোট ২২ সদস্যের পূর্ণাঙ্গ ককাস গঠন হয়েছে।

কার্যনির্বাহী কমিটিতে চারজন ভাইস চেয়ারপারসন রাখা হয়েছে। ভাইস চেয়ারপারসন-১ হিসেবে আছেন বাগেরহাট-১ আসনের  মো. মশিউর রহমান খান, ভাইস চেয়ারপারসন-২ হিসেবে লালমনিরহাট-১ আসনের মো. হাসান রাজীব প্রধান, ভাইস চেয়ারপারসন-৩ হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২৯ এর অ্যাডভোকেট ফাহিমা নাসরিন এবং ভাইস চেয়ারপারসন-৪ হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৭ এর বিলকিস ইসলাম।

এছাড়া গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পেয়েছেন দুই নারী সংসদ সদস্য। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সংরক্ষিত মহিলা আসন-১৩ এর মাহমুদা হাবিবা এবং ট্রেজারার হিসেবে ফরিদপুর-৩ আসনের নায়াব ইউসুফ চৌধুরী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— দিনাজপুর-২ এর  মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ এর  সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত মহিলা আসন-৩২ এর  নাদিয়া পাঠান পাপন।

অন্যদিকে সাধারণ সদস্য হিসেবে ১২ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— মাদারীপুর-১ এর বাংলাদেশ খেলাফত মজলিসের সায়েদ উদ্দিন আহমেদ হানজালা, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর  শওকত আরা আক্তার ঊর্মি, বগুড়া-৩ এর  মো. আব্দুল মহিত তালুকদার, সংরক্ষিত মহিলা আসন-৩৫ এর সালিনা সুলতানা, সংরক্ষিত মহিলা আসন-৩১ এর  সানজিদা ইয়াসমিন।

আরও রয়েছেন— সিরাজগঞ্জ-৫ এর আমিরুল ইসলাম খান আলিম, মাদারীপুর-৩ এর  আনিসুর রহমান খোকন, সিরাজগঞ্জ-৩ এর  মো. আইনুল হক, কুড়িগ্রাম-২ এর ন্যাশনাল সিটিজেন পার্টির ডা. আতিকুর রহমান মুজাহিদ, সংরক্ষিত মহিলা আসন-১৮ এর  ফাহমিদা হক, সংরক্ষিত আসন-৩৫০ এর ন্যাশনাল সিটিজেন পার্টির নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সংরক্ষিত মহিলা আসন-২৮ এর মমতাজ আলো।

সংশ্লিষ্টরা জানান, এই ককাস বিদেশে বাংলাদেশি কর্মীদের অধিকার, রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষা, মানব পাচার রোধ এবং অভিবাসন সংশ্লিষ্ট আইন ও নীতি প্রণয়নে সংসদে কার্যকর ভূমিকা রাখবে। বহুদলীয় এই প্ল্যাটফর্মে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি ককাসটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন— ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন সৈয়দ সাইফুল হক।

এসময় উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত নাহিদা সোবহান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ডিপক এলমার, আইওএম বাংলাদেশের চিফ অফ মিশন ড. লরা টম বন্ডে, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোন, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ।