নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন দেখার, প্রতিভা বিকাশের এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। যেখানে খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।

আমরা বিশ্বাস করি, নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমই হবে কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সারা দেশের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)।

নতুন কুঁড়ির প্রথম আসর সিলেট স্টেডিয়াম থেকে শুরু হয়েছিল। এবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন হবে।

দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার খুদে খেলোয়াড় অনলাইনে নিবন্ধন করেছে।

এতসংখ্যক কিশোর-কিশোরীর আগ্রহ নিঃসন্দেহে আশাব্যঞ্জক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য এবার বয়সসীমা ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত করে প্রতিযোগিতার পরিধি ৮টি থেকে ১০টি ক্রীড়া ডিসিপ্লিনে সম্প্রসারণ করা হয়েছে।