১৫ বছরে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর

বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও বিষয়ক ব্যুরো। এসব সংস্থার নিবন্ধন বাতিলের পেছনে নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং আইনানুগ নির্দেশ অমান্য করার মতো অভিযোগ রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই ব্যুরো বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করে আসছে।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে এসব সংস্থার কার্যক্রম রয়েছে।

মন্ত্রী জানান, এনজিও বিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের আওতায় নতুন এনজিওর নিবন্ধন, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকির কাজ করে থাকে।

নিবন্ধন বাতিলের কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা, ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল করাসহ বিভিন্ন কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে।