প্রথমবারের মতো জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। বক্তব্যের শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সংসদে দায়িত্ব পালন করা প্রয়াত নেতাদের।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মির্জা ফয়সল আমীন বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই আমার এলাকার সকল ভোটারদের, যারা আমাকে ভোট দিয়ে আজকে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেননি, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সংসদে নিজের পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই সংসদে একসময় আমার প্রয়াত পিতা মির্জা রুহুল আমিন ছিলেন। আমার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংসদে ছিলেন। আমি আজকে এই সংসদে আসতে পেরেছি।’
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
আগামীর বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশা তুলে ধরে মির্জা ফয়সল আমীন বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা সংসদে এসেছেন, সেই গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। সরকারি দল ও বিরোধী দলের লক্ষ্য একটাই—বাংলাদেশকে গণতন্ত্রের উন্নত শিখরে অধিষ্ঠিত করা।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর আসনটিতে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন মির্জা ফয়সল আমীন। গত ৩ নভেম্বর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। সোমবারের অধিবেশনে প্রথমবারের মতো সংসদে বক্তব্য দেন তিনি।