নতুন দুই সংসদ সদস্যের ‘দুই মিনিট’

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদে নিজেদের প্রথম বক্তব্য দিয়েছেন নতুন দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান। বক্তব্যের জন্য তাদের দুই মিনিট করে সময় দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে তাদের অনুরোধে আরও এক মিনিট করে বাড়িয়ে দেওয়া হয়।

প্রথম বক্তব্যে দুজনই জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেছেন। পাশাপাশি তুলে ধরেছেন নিজেদের অগ্রাধিকারের কথা। মির্জা ফয়সল আমীন বাংলাদেশকে গণতন্ত্রের উন্নত শিখরে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে, এলিজা জামান গুরুত্ব দিয়েছেন নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নের ওপর।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তারা নিজ নিজ এলাকার জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 গণতন্ত্রের উন্নত শিখরে পৌঁছানোর প্রত্যাশা মির্জা ফয়সলের

সংসদে নিজের প্রথম বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ ও নিজ এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা ফয়সল আমীন। যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার প্রতিই তিনি ধন্যবাদ জানান। এরপর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সংসদে নিজ পরিবারের প্রতিনিধিত্বের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘একসময় আমার প্রয়াত পিতা মির্জা রুহুল আমিন এই সংসদে ছিলেন। আমার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই সংসদে ছিলেন। আজ আমি এই সংসদে আসতে পেরেছি, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ 

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ‘গণতন্ত্রের পথে আজ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। সরকারি দল এবং বিরোধী দলের যৌথ নেতৃত্বে আগামীতে বাংলাদেশ গণতন্ত্রের উন্নত শিখরে অধিষ্ঠিত হবে—এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

নারীদের অর্থনৈতিক মুক্তির দাবি এলিজা জামানের

সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান নিজের প্রথম বক্তব্যে মহান আল্লাহ, স্পিকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিয়ে সংসদে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘নারীরা এখনও অনেক অবহেলিত। নারীদের নিয়ে কাজ করার সুযোগ পেলে এবং এই সংসদে কথা বলতে পারলে নারীদের অনেক অসুবিধা দূর করা সম্ভব।’ 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী শিক্ষার উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন এলিজা জামান।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, তিনিও যেন নারীদের অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।’