ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর এলজিইডি মিলনায়তনে এলজিইডিতে নবনিযুক্ত প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে খেয়াল রেখে কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনও ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠ পর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধানাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি জানান, প্রকৌশলীদের দাবি অনুযায়ী এলজিইডি ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে।