‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্যরা বিলটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেন।

বৈঠকে কমিটির সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, মো. রুহুল আমিন এবং মো. তাজউদ্দীন খান অংশ নেন।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।