হাসনাত আবদুল্লাহর বক্তব্যে সংসদে হঠাৎ উত্তাপ

সারা দেশে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যদের হইচইয়ের মধ্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে জবাব দিতে হয়। এ সময় মন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী। কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়।’ তিনি বিরোধী দলের সদস্যদের পাশের আলোচনা বন্ধ করে তার বক্তব্য শোনার আহ্বান জানান।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন হাসনাত আবদুল্লাহ। তিনি সারা দেশে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী।’ এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির এবং তাদের মধ্যে ১০ জন দলীয় নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারা দেশে সারের ডিলার নিয়োগে মহোৎসব হয়েছে।’ সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ডিলারশিপ পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন করেন, ‘এ নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে কি না, নিয়োগগুলো আবার পর্যালোচনা করা হবে কি না এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবসায় যুক্ত হওয়ার এই সংস্কৃতি কবে বন্ধ হবে?’

জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)। মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ করতে হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বাধীন কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তারা আবেদন যাচাই-বাছাই করে জেলা পর্যায়ে পাঠিয়েছেন।’

এ সময় সংসদে ১১ দলীয় জোটের সদস্যদের হইচই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সদস্যদের উদ্দেশে বলেন, ‘মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। ওনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরেকটা প্রশ্ন নেবো। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ, ধৈর্যের সঙ্গে বসেন, ওনার উত্তর শোনেন।’

ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে সদস্যদের আসনে বসার অনুরোধ জানান। মন্ত্রীকে বক্তব্য চালিয়ে যাওয়ার সুযোগ দিতে তিনি সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

পরে কৃষিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। উপজেলা পর্যায় থেকে আসা প্রস্তাবগুলো জেলা কমিটি যাচাই-বাছাই করে। এরপর কমিটির সদস্যরা একমত হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এভাবে তিনজনের নাম সুপারিশ করেন।

মন্ত্রী আরও বলেন, ‘ওই কমিটি, ডিসি সাহেবসহ কমিটির সমস্ত সদস্যের সিগনেচার আছে। ওইভাবে মিনিস্ট্রিতে পাঠানোর পর আমরা এক নম্বরে যিনি আছেন, তার নামেই ডিক্লারেশন দিয়েছি। এটা একজন লোকের সিগনেচারে আসেনি।’