ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি

কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তঃনগর ‘এগারসিন্ধুর’ (৭৫০) ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুবাইল ও টঙ্গী স্টেশনের মাঝামাঝি এলাকায় এই আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় এবং তা বগিতে ছড়িয়ে না পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আনিসুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিনে আগুন লাগার পরপরই তা নিভিয়ে ফেলা হয়। পরবর্তীতে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটিকে ঢাকার উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।

এদিকে চলন্ত ট্রেনের ইঞ্জিনে ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা নির্ধারণের জন্য রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।