স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ব্লক, বিকালে বসানো হতে পারে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকালে তার হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানান। 

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমার জানা মতে গতকাল সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর হার্টে একটি ব্লক পাওয়া গেছে। আজ বিকালে স্টেন্ট (রিং) পরানোর প্রস্তুতি চলছে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার কথা উল্লেখ করা হয়েছে। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এর আগে, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।

রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় থেকে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কোনও শারীরিক অসুস্থতার জন্য নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ঢাকার একটি হাসপাতালে এনজিওগ্রাম করিয়েছেন। দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়। তার শারীরিক কোনও জটিলত নেই। রবিবার হাসপাতাল থেকে অবমুক্ত হবেন বলে আশা করা যাচ্ছে।

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।