প্রশিক্ষণ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তর করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রশিক্ষণ গ্রহণই শেষ কথা নয়, অর্জিত দক্ষতাকে কর্মসংস্থান ও টেকসই আয়ে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ কেবল শুরু, এর পরবর্তী লক্ষ্য হতে হবে অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি ও টিভিইটি (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করা পরবর্তী অগ্রাধিকার হওয়া উচিত। এ জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা ও বেসরকারি খাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজস্ব ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার উপযোগী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মহসিন সিদ্দীকী। তিনি জানান, কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রকল্পে ঢাকা, যশোর ও নীলফামারীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ হাজার ৩৯১ জন ভর্তি হন। তাদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন ৯টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে টেইলারিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, অটোমেকানিকস, ড্রাইভিং, মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং। প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তি, ক্যারিয়ার কাউন্সেলিং, নমনীয় শিক্ষা সহায়তা এবং স্বকর্মসংস্থানের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর চ্যারিটি ওয়ার্কের প্রজেক্ট স্পেশালিস্ট মঞ্জুর মোর্শেদ বলেন, পাঁচ বছরের প্রকল্প হলেও করোনার কারণে এক বছর কাজ করা সম্ভব হয়নি। তারপরও সফলভাবে প্রকল্পটি শেষ করা হয়েছে। হাতে-কলমে শিক্ষা দেওয়াই ছিল এর লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশ ছোট দেশ হলেও জনসংখ্যা অনেক বেশি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলেই এই জনসংখ্যা দেশের বড় সম্পদে পরিণত হবে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী দক্ষতা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি ও কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিনির্ভর দক্ষতার পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, কারিগরি প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় একটি ভাষা যুক্ত করতে পারলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। শ্রমবাজারের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণের সাফল্য কতজন অংশ নিয়েছেন, তা দিয়ে নয়; বরং তারা কতটা শিখতে পেরেছেন, তা দিয়ে মূল্যায়ন করা জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুসলিম এইড ইউকে বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, সিইও মো. রাজিব হাসান এবং সিইও সৈয়দ তোহেল আহমেদ।