বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত

বৈশ্বিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা—আইকাও এর সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। 

এক দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশ্ব বিমান চলাচলের পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়গুলো সামনে রেখে সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদরদফতরে শুরু হয় পাঁচ দিনব্যাপী এই সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান অংশ নেন।

২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের ১৩ বছর পর এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা।

সম্মেলনের উদ্বোধনী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের অবস্থা, পরিবর্তন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা।

এতে বিমান চলাচল খাতের বর্তমান পরিস্থিতি, যাত্রীসেবা, শিল্পের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপ এবং আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলো নিজেদের অবস্থান ও শিল্পের ভবিষ্যৎ চিত্র তুলে ধরে।

আইকাওয়ের সম্মেলন এজেন্ডায় উঠে এসেছে, বিশ্ব অর্থনীতিতে বিমান পরিবহনের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি। আইকাওয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ বিশ্বে আকাশপথে যাত্রীসংখ্যা বেড়ে দাঁড়াতে পারে এক হাজার ২৪০ কোটিতে। এই বিপুল প্রবৃদ্ধি সামাল দিতে প্রয়োজন হবে আধুনিক বিমানবন্দর, উন্নত যোগাযোগ অবকাঠামো, দক্ষ জনবল, কার্যকর নিয়ন্ত্রক কাঠামো এবং বিপুল বিনিয়োগ। ফলে এবারের সম্মেলনে বিমান পরিবহন অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বিদেশি বিনিয়োগ, অর্থায়নের নতুন পদ্ধতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণকে এবার বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা বিবেচনায় বিমান পরিবহন খাতের উন্নয়ন এখন গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের আকাশপথের যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় অগ্রগতি আন্তর্জাতিকভাবে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির বিষয়টি উঠে এসেছে। এই অর্জনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াতে চায় সরকার।

এদিকে সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদরদফতরে হবে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন। এতে আইকাও কাউন্সিলের সদস্য সংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্য রাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনের সমাপনী পর্যায়ে সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্রও গ্রহণের কথা রয়েছে।