মার্কিন ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনের ঘোষণাকে স্বাগত জানালো সরকার

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গুরুত্বপূর্ণ অর্জন মার্কিন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের টেকসই কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যকর ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা শক্তিশালী হবে এবং বাংলাদেশের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ব্যবসার পরিবেশ সহজীকরণ ও শ্রমমান শক্তিশালীকরণে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। 

সরকার আশা করছে, ডিএফসি অর্থায়নের এই সুযোগ বাস্তব বিনিয়োগে রূপান্তরিত হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক ও অভিন্ন সমৃদ্ধি বয়ে আনবে।