পোশাক খাতে অস্থিতিশীলতায় নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চাইছে। এই দেশ আমাদের সবার, তাই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। আশা করি, আলাপ-আলোচনা ও সবকিছু বিবেচনার মাধ্যমে মজুরি বোর্ড যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে।

তিনি বলেন, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সরকারের লক্ষ্য শ্রমিকেরা যেন ভালো থাকেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ বছর যে বাজেট দেওয়া হয়েছে, সেটি শ্রমিকবান্ধব এবং গার্মেন্টস শিল্পবান্ধব বাজেট। এ ধরনের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়, যারা এর পেছনে রয়েছে, তারা বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করতে চায় এবং নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে। তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।