বেতার-টিভিসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি হচ্ছে

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে শক্তিশালী ও গণমুখী করতে উচ্চপর্যায়ের সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে বিসিএস তথ্য সাধারণ ক্যাডার একীভূত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ লক্ষ্যে অচিরেই উচ্চপর্যায়ের কমিটি গঠন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও আলোচনা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল ঐকমত্য পোষণ করেছে বলে বৈঠকে জানানো হয়।

সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাগুলোতে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন এবং ওই কমিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে মত দেওয়া হয়। একইসঙ্গে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডার একীভূত করার বিষয়েও আলোচনা হয়। সীমিতসংখ্যক জনবল দিয়ে অধিক কাজ সম্পাদন এবং সরকারের ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয় বৈঠকে। এ লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশ নেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদফতরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।