সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার গুঞ্জন এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের যাতায়াতকে ‘হালকা ব্লাফ পলিটিক্স’ হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, এ ধরনের অযৌক্তিক অনুরোধ সরকারের কাছে গ্রহণযোগ্য নয়; বরং প্রচলিত আইন এবং বন্দি বিনিময় চুক্তির (এক্সট্র্যাডিশন ট্রিটি) মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওমেন জার্নালিস্টস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উনি আসার তো কোনও স্টেপ নেননি। উনি শুধু শুধু এই জিনিসটা নাড়াচ্ছেন। উনি আসার স্টেপ নিক, তারপর দেখা যাক না! আপনারা সিচুয়েশনটা তো আসতে দেন। এটা তো শুধু মুখে মুখে আমরা শুনছি—টুপ করে চলে আসবেন, হঠাৎ চলে আসছেন, বিমানে আসবেন, আবার বর্ডার দেখা হচ্ছে। তো আমি যদি জিজ্ঞেস করি হোয়াই দিস কনফিউশন? একবার বিমান চাচ্ছেন, ওদিকে উনার দলের গুরুত্বপূর্ণ মানুষরা আবার বর্ডার দেখে বেড়াচ্ছেন! আই থিংক উনাদের মাইন্ডসেট ঠিক করা উচিত যে, উনি কীভাবে আসতে চাচ্ছেন বা উনি কীভাবে করবেন।
রয়টার্সের প্রতিবেদনের সূত্র ধরে ১৬ ডিসেম্বর বিমানে শেখ হাসিনার দেশে ফেরার আবেদন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, উনি ফেরত আসতে চাচ্ছেন, কীভাবে আসতে চাচ্ছেন—না চাচ্ছেন এটা উনি বলতে পারবেন। আমাদের একটা প্রসিডিউর আছে—উনি বিদেশে আছেন, আইনের মাধ্যমে আমরা উনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি এখন প্লেন চাবেন বা উনি কীভাবে আসবেন—না আসবেন সেগুলিতে আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশে একটা প্রচলিত আইন আছে, সেভাবে যদি উনি আসেন, ভারত সরকার হ্যান্ডওভার করবে। এর বাইরে তো আর কোনও স্কোপ নেই।
সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতা যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বর্তমানে কোনও রাজনীতি করছে না, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। নিজ নিজ এলাকা চাঁদপুর, কালকিনি, নোয়াখালী ও মোহাম্মদপুরে কোনও আন্দোলন গড়ে তুলতে না পেরে এখন দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্যই তারা এসব করছেন বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের দেড় বছর পর দেশের পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে এখন ৩৭ বিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে এবং রাষ্ট্রীয় মদতে গুম, খুন ও ব্যাংক লুট বন্ধ হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল কাটার মতো দেশব্যাপী চলমান উন্নয়ন কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরাতেই অপপ্রচার ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।
ভারতীয় গণমাধ্যমের ভূমিকা ও ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে মন্ত্রী বলেন, ভারতের ‘মিজারেবল ফরেন পলিসি’র কারণেই শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের পর বাংলাদেশের সাথেও তাদের সম্পর্কের অবনতি হয়েছে। ভারতীয় গণমাধ্যম ও বিজেপির স্থানীয় রাজনীতির স্বার্থে বাংলাদেশে সাম্প্রদায়িক (হিন্দু-মুসলিম) ইস্যু তৈরির অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি জানান, এবার বাংলাদেশে ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
এদিকে, বগুড়ায় বিএনপি অফিস পুড়িয়ে দেওয়ার মতো ভুল সংবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন এখন বিশ্বব্যাপী একটি বড় ব্যাধিতে পরিণত হয়েছে। তবে কোনও অপতথ্য ছড়ালে সরকার দ্রুত ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে তা পরিষ্কার করছে, ফলে গুজবের স্থায়িত্ব খুব কম হচ্ছে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সদ্য নিবন্ধন পাওয়ায় ওমেন জার্নালিস্টস ফোরামকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। ফোরামের কার্যালয় ও তহবিলের বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন তিনি।
এ ছাড়া ওয়েজ বোর্ড, মিডিয়া কমিশন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, মফস্বল ও অনলাইন গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমে কোনও ধরনের হস্তক্ষেপ নয়, বরং সহযোগিতা করাই বর্তমান সরকারের লক্ষ্য।
/এসও/আইএএম/