প্রকল্প পরিচালক নিয়োগে হচ্ছে নতুন নীতিমালা

সরকারি উন্নয়ন প্রকল্পের পরিচালক নিয়োগে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। একইসঙ্গে সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত নির্দেশিকা ও প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের পর এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, সেখানে বিদ্যমান সুযোগ-সুবিধা, যান চলাচল, টোল আদায় ও আয় বাড়াতে নেওয়া পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকের শুরুতে দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। একইসঙ্গে ওই বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশ নেন।

এ সময় পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।