শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। এতে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেবেন।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় সম্মিলনটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। 

সম্মিলনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, দেশের উচ্চশিক্ষার বৃহত্তম অংশীজনদের নিয়ে এ সম্মিলন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।