জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে আগ্রহী বাংলাদেশ

অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও জার্মানি। বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মাইকেল শুম্যানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। শুত্রবার (২৭ নভেম্বর) বার্লিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ ব্যবসা-থেকে-ব্যবসা (বিটুবি) বিনিময়, রফতানি বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার অপ্রচলিত সম্ভাবনা কাজে লাগানোর নতুন পথ অন্বেষণের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী জ্বালানি নিরাপত্তা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, অভিবাসন এবং ভিসা সহজ করার মতো বিষয়ে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে আর্থ-সামাজিক ও মানবসম্পদ উন্নয়নে সরকারের উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা, মেয়েদের শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরশক্তির মতো পরিবেশবান্ধব জ্বালানির উৎস নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশের রফতানি পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ শিল্প, আইটি পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের সম্ভাবনা তুলে ধরেন।

উভয় পক্ষ নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয়। পাশাপাশি অভিবাসনের জন্য জি-টু-জি ব্যবস্থা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধন আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। জার্মান পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা এগিয়ে নিতে সমর্থন পুনর্ব্যক্ত করে।

এছাড়া জার্মান পক্ষ রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করে। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায় নিয়ে আলোচনা হয় এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বৈশ্বিক সমর্থনের ওপর গুরুত্বারোপ করা হয়।