দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘বিশ্ব সরকার সম্মেলন ২০২৭’-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এই তথ্য জানায়।

আমন্ত্রণপত্রে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি মানবতার উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী বছরের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যতের সরকার গঠন’।

দূতাবাস জানায়, বিশ্ব সরকার সম্মেলন সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি শীর্ষ আন্তর্জাতিক মঞ্চ। এখানে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় এবং জনপ্রশাসনে উদ্ভাবনী পদ্ধতি খোঁজা হয়।

চলতি বছর অনুষ্ঠিত এই সম্মেলনে ৬০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এ ছাড়া বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গিয়েছিল।