জাতীয় সংসদে ‘চা বিল-২০১৬’ উত্থাপন করা হয়েছে। সামরিক সরকারের আমলে জারি করা ‘দ্য টি অর্ডিন্যান্স-১৯৭৭’ বাতিল করে নতুন আইন করতে সোমবার সংসদে এই বিল উত্থাপন করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করলে পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্য মন্ত্রী বলেন,বর্তমানে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এবং দেশের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে চায়ের উৎপাদন বাড়ানো জরুরি। চা বোর্ডের নেওয়া বিভিন্ন কার্যক্রম চায়ের মানোন্নয়ন ও উৎপাদন বাড়ানোর বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
বাংলাদেশে চা আবাদের জন্য ১ লাখ ১৬ হাজার হেক্টর জমি বরাদ্দ রয়েছে এবং ৫৮ হাজার হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। চা বাগানের বেশিরভাগই বেসরকারি মালিকানার।
বিলে আইন ভঙ্গে ন্যূনতম ৬ মাস ও সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান প্রস্তাব করা হয়েছে। জরিমানার ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা সর্বোচ্চ পাঁচ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিলে বলা হয়েছে, এই আইনের ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধগুলো যেক্ষেত্রে যতটুকু প্রযোজ্য, মোবাইল কোর্ট আইন এর তফসিলভুক্ত করে সেগুলোর বিচার করা যাবে।
আরও পড়ুন-
সাড়ে ৪ বছরে সীমান্তে হত্যাকাণ্ডের শিকার ১৪৬ বাংলাদেশি
বিচারপতিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ অভিযোগ করা যাবে, মিথ্যা অভিযোগে শাস্তি
/ইএইচএস/এফএস/