বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) এক শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে তারা আবারও ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন শিক্ষার্থীরা।
এক ছাত্রীকে যৌন হয়রানি করায় গত শনিবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে কয়েক’শ শিক্ষার্থী ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অভিযুক্ত ওই শিক্ষকের স্থায়ী বরখাস্ত এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
আরও পড়ুন:
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় তাকে স্থায়ী বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সিন্ডিকেট সভা থেকে তাকে বরখাস্ত না করা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে কয়েক’শ শিক্ষার্থী যোগ দিয়েছেন। তারা বিভিন্ন বিভাগ ঘুরে স্লোগান করতে করতে ক্যাম্পাসের করিডোরে অবস্থান নিয়েছেন। সব বিভাগের ক্লাস, ল্যাব পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সেজান মাহমুদ বলেন, ‘আমরা চাই তাকে যতদ্রুত সম্ভব স্থায়ীভাবে বরখাস্ত করা হোক। তাছাড়া, তিনি যেন আর কোথাও চাকরি করতে না পারেন সেটার দাবিও রয়েছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা সকাল ৮টা থেকে বিক্ষোভ করছি, চলবে বিকাল ৫ টা পর্যন্ত।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএমএম শফিউল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বরখাস্ত করার সিদ্ধান্তও নিয়েছি। এছাড়া নারী নিপীড়ন প্রতিরোধ সেলে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে ওই সেলটি।’
/আরএআর/এসটি/ এপিএইচ/