আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় ৬ জঙ্গির মৃত্যুদণ্ড

আশুলিয়ার কাঠগড়া বাজারের কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার ঘটনায় ছয় জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। বিচার শুরুর মাত্র চার মাসেই বহুল আলোচিত এ মামলাটির রায় হলো।

কমার্স ব্যাংকে ডাকাতিএর আগে, ২০১৫ সালের ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে বলা হয়, আবদুল্লাহ আল বাকী ছিলেন হামলার মূল পরিকল্পনাকারী। তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন।

গত ২৫ মে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। মামলার চার্জশিটের ৯৭ জন সাক্ষীর মধ্যে গত ১৭ মে পর্যন্ত তদন্ত কর্মকর্তাসহ ৬৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির অভিযোগে চার্জগঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২১ এপ্রিল দুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতরা হানা দেয়। তারা গুলি, বোমা ও অস্ত্রের আঘাতে ব্যাংকটির ব্যবস্থাপকসহ তিনজনকে হত্যা করেন। পরে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ও বোমা ছোঁড়েন। এতে আরও পাঁচজন সাধারণ মানুষ মারা যান। পরে জনতা আরও তিনজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। আটক তিনজনের মধ্যে আসিফ হোসেন নামের এক ডাকাত গণপিটুনিতে মারা যান। বাকি দু’জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: জঙ্গি অর্থায়নের কথা স্বীকার, সিঙ্গাপুরে দোষী সাব্যস্ত ৪ বাংলাদেশি


/ইউআই/এমও/এপিএইচ/