প্রাক-প্রাথমিকে আরও ৩ হাজার শিক্ষক নিয়োগ: অর্থমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রীচলতি বছরে সরকার প্রাক-প্রাথমিকে আরও প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু, কারিকুলাম প্রনয়ণ, বই মুদ্রণ এবং প্রায় ৩৫ হাজার শিক্ষক নিয়োগের কথা আগেই বলেছি। চলতি বছরে আরও প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষায় বাড়তি বরাদ্দ প্রসঙ্গে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। তাই সামগ্রিক শিক্ষাখাতের ব্যয়কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এ খাতের উন্নয়নে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি।

অর্থমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। এরই মধ্যে ৭৬০টি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ এবং সপ্তম শ্রেণি চালু করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঠ্যপুস্তক, শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ বিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ, পুনঃনির্মাণসহ আমাদের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভর্তির ওপর কার বাড়ানো ও শিক্ষার্থীদেরকে স্কুলে ধরে রাখার লক্ষ্যে উপবৃত্তির পাশাপাশি স্কুল ফিডিং কার্যক্রমের সম্প্রসারণ এবং এতে বেসরকারি ও ব্যাক্তিখাতকে অন্তর্ভূক্ত করার জন্যে ‘জাতীয স্কুল ফিডিং নীতিমালা’ প্রণয়ন করা হচ্ছে।

২০১৬-২০১৭ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তিখাতে সর্বোচ্চ ৫২ হাজার ৯২০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্যে বরাদ্দ ২২ হাজার ১৬০ কোটি, শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৮৫৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

/আরএআর/এসএনএইচ/