যাত্রী হয়রানি ও দায়িত্বে অবহেলার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন অথরিটির এক স্ক্যানার অপারেটরকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় শফিউদ্দিন আরিফ তানভীর নামের ওই স্ক্যানার অপারেটরকে এ সাজা দেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ।
শুক্রবার তানভীর বিমানবন্দরের তিন নম্বর গেটে স্ক্যানার অপারেট করছিলেন। এসময় এক যাত্রীর ব্যাগে ওষুধ পাওয়া গেলে টাকা ছাড়া নিতে দেওয়া হবে না বলেন তানভীর। যাত্রী তার প্রয়োজনীয় ওষুধ উল্লেখ করে প্রেসক্রিপশন দেখালেও টাকা দাবি করেন তানভীর। এরপর ওই যাত্রীর কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার সময় বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করেন।
এর আগে একই অপরাধে শফিউদ্দিন একবার মুচলেকা এবং দ্বিতীয়বার ৫ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা তার যদি অবহেলা করেন তবে বিমানবন্দর হুমকির মুখে পড়বে। টাকার বিনিময়ে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে অপরাধীরাও টাকা দিয়ে অস্ত্র, বিস্ফোরক নিয়ে প্রবেশের সুযোগ পেয়ে যেতে পারে। এছাড়া যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে হয়রানি করাও অপরাধ।
আরও পড়ুন: পিস্তল, চাপাতি ও বোমা হাতে দৌড়ে আসে হামলাকারীরা (ভিডিও)
/সিএ/এসটি/