ঢাকা আইনজীবী সমিতির কার্যালয় থেকে সাংবাদিক গ্রেফতার

গ্রেফতারচাঁদাবাজি, হুমকি এবং তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় একটি জাতীয় দৈনিকের সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য আবু ব্ক্কর সিদ্দিকী টিপু আসাদুজ্জামানের বিরুদ্ধে এ অভিযোগে একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, আসাদুজ্জামান দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার ও শিক্ষানবিশী আইনজীবী।
মামলার অভিযোগে বলা হয়,ঢাকা আইনজীবী সমিতির টাউট-দালাল উচ্ছেদ কমিটির সদস্যরা মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজের একটি আদালতে মামলার কাগজপত্র দেখা অবস্থায় সাংবাদিক আসাদুজ্জামানকে হাতেনাতে আটক করেন। তখন পরিচয় জানতে চাইলে আসাদুজ্জামান নিজেকে শিক্ষানবিশী আইনজীবী হিসেবে পরিচয় দেন। শিক্ষানবিশী আইনজীবীর মামলার কাগজপত্র দেখার অনুমতি নেই জানিয়ে তাকে আইনজীবী সমিতি ভবনে আটকে রাখা হয়।
এ সময় ঢাকা কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন ও ঢাকা আইনজীবী সমিতি বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু আইনজীবী সমিতির কার্যকরী সদস্য আবু ব্ক্কর সিদ্দিকী মামলা দিয়ে তাকে পুলিশের কাছে তুলে দেন।
সিনিয়র আইনজীবী মো.আমিনুল গণি টিটো বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আসাদুজ্জামান বাংলাদেশ বার কাউন্সিলের ইনিটিমিশন ফরম স্বাক্ষরিত একজন আইনজীবী।

এসআইটি/এমও/এবি/