ধানমণ্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক স্থাপনা সরাতে হবে: আপিল বিভাগ

হাই কোর্টরাজধানীর ধানমণ্ডির আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা অপসারণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় দেন।
সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অপসারণে আর কোনও আইনগত বাধা থাকল না। আইনজীবী মঞ্জিল মোরশেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট তার রায়ে ঝিগাতলা, ধানমণ্ডির ২ নম্বর রোড, মিরপুর রোড ও ধানমণ্ডি ২৭ নম্বর রোডের বাইরে আর কোনও বাণিজ্যিক স্থাপনা না থাকার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে।
ধানমণ্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে  দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন হাইকোর্টে ২০১১ সালের রিট দায়ের করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্ট  রুল জারি করেন। একই সঙ্গে ধানমণ্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রুলের ওপর  চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের একটি ডিভিশন বেঞ্চ ২০১২ সালের ১১ জুন এ রায় দেন হাইকোর্ট। 

/ইউআই/এমএনএইচ/