বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নিতে চায় জাপান

উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে জাপানি প্রতিনিধিদলবাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে চায় জাপান। বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা অত্যন্ত দক্ষ,মেধাবী, পরিশ্রমী, আন্তরিক, দরদী মনের ও সেবাপরায়ণ উল্লেখ করে জাপানের একটি প্রতিনিধিদল জানান, তাদের দেশে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রচুর চাহিদা রয়েছে। প্রয়োজনে জাপানি ভাষা শিখিয়েও তারা বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে আগ্রহী।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেওয়ার আগ্রহ প্রকাশ করে এসব কথা বলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ জাপানের লিঙ্কস্টাফ কো. লি.-এর ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুকি সুজিতা,ডিরেক্টর (অ্যাডমিন) কজি সাইটো,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম,সহকারী প্রক্টর এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত জাপানি নাগরিকদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে জাপানের আগ্রহকে ‘উত্তম প্রস্তাব’ বলে উল্লেখ করেন।
আরও পড়তে পারেন: বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়
জেএ/এমএসএম /