১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হামলার এক ঘণ্টার মধ্যে কোনও এক সময়ের। স্থান- রেস্টুরেন্টে প্রবেশ পথের সামনের বারান্দা। ভিডিওটির একটি কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। এটি দেখে কিছুটা হলেও আঁচ করা যায় কী ভয়াবহ পরিস্থিতি ছিল সেই রাতে!
ফুটেজে ডান পাশে খাঁকি প্যান্ট পরা পুরুষটাও সম্ভবত জঙ্গি। আর তলোয়ার হাতে এগিয়ে আসছে আরেক জঙ্গি।
একবার ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। তারপরের কিছু শব্দ বোঝা যায়নি। এরপর পুরুষ কণ্ঠে ‘লিসেন’, ‘লিসেন’ শব্দ শোনা যায়। ইংরেজি উচ্চারণ শুনে ধারণা করা যায় এটি সম্ভবত নিবরাসের কণ্ঠ। এরপর আরও দু’বার বেশ জোরে ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। এসময় কারও কণ্ঠ শোনা যাচ্ছিল। সেটি স্পষ্ট নয়।
১ জুলাই আর্টিজান রেস্টরেন্টে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। আর অভিযান চালাতে গিয়ে নিহত হন দুই কর্মকর্তা। অভিযানে নিহত হয় ছয় জঙ্গি।
এর আগে এক কোরিয়ান নাগরিকের ধারণ করা ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছিল। সেটি ২ জুলাই সকালে অভিযানের আগের ভিডিও। আর এবার পাওয়া গেল ১ জুলাই হামলার সম্ভবত এক ঘণ্টার মধ্যেকার হলি আর্টিজানের ভেতরের ভিডিও। বাংলা ট্রিবিউন এটি গোয়েন্দাদের কাছ থেকে সংগ্রহ করেছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোরিয়ান নাগরিকের ভিডিও ছাড়াও এ ধরনের কিছু আলামত তাদের কাছে আছে। তারা এগুলো যাচাই বাছাই করছেন।
হলি আর্টিজানে জঙ্গি হামলার প্রথম দিকের ভিডিও