অনুসন্ধান অব্যাহত: ২৯ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু সুজন


সুজনমিরপুর ১১ নম্বরের বাসা থেকে নিখোঁজের ২৯ ঘণ্টা পরও উদ্ধার হয়নি শিশু সুজন (৩)। তার ভাগ্যে কী ঘটেছে, তা জানে না কেউ। সে বাসার পাশের নালায় পড়েছে না হারিয়ে গেছে, তাও নিশ্চিত করে বলতে পারছে না পরিবার। এখনও নালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান অব্যাহত রেখেছে।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর এভিনিউর একটি বাসা থেকে নিখোঁজ হয় শিশু সুজন। সে তার মা রুবি বেগম ও বোনের সঙ্গে থাকত। তার মা বাসাবাড়িতে কাজ করেন।

শিশুটির মা রুবি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি কাজে চলে যান। এ সময় বাসায় তার ছয় বছর বয়সী মেয়ে ও সুজন ছিল। শুক্রবার বিকালে কাজ থেকে ফিরে এসে তিনি দেখতে পান সুজন নেই। এরপর খোঁজ শুরু করেন। তার ধারণা বাসার পাশের নালায় সুজন পড়ে যেতে পারে।

এই ঘটনা পল্লবী থানার টহলপুলিশ জানার পর তারা শুক্রবার রাতে ফায়ার সার্ভিসকে খবর দেয়।  এরপর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে বলে জানিয়েছে মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, সকাল এগারোটার দিকে ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস খবর পেয়েছে আটটার দিকে। শিশুটির পরিবারও ভালো করে বলতে পারে না শিশুটি নালায় পড়েছে কিনা। ধারণার ওপর ভিত্তি করেই তল্লাশি করা হচ্ছে। আমরা শিশুটির পরিবারকে সহযোগিতা করে যাচ্ছি গতকাল থেকে। শিশুটির বাসার পাশেই যেহেতু বড় একটি নালা রয়েছে, তাই আশঙ্কা করছি শিশুটি নালায় পড়ে থাকতে পারে।

এ বিষয় পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন ‘শিশুটি এখনও উদ্ধার হয়নি। পুলিশ ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছে। তবে শিশুটি সেখানে পড়েছে কিনা—তা নিশ্চিত করে কেউ এখনও বলতে পারে না। সন্দেহ করে তল্লাশি করা হচ্ছে।’

/এআরআর/এমএনএইচ/