ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

ঢামেকের সামনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না অ্যাম্বুলেন্সঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট চলছে। অনিবন্ধিত বেসরকারি অ্যাম্বুলেন্স পরিচালনা মালিক সমিতি এ ধর্মঘট পালন করছে। রবিবার সকাল থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্স হাসপাতালে এলেও কোনও রোগীকে অ্যাম্বুলেন্স ব্যবহার করে হাসপাতাল ছাড়তে দেওয়া হচ্ছে না।  

ব্রাহ্মণবাড়িয়া থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স চালক মানিক বলেন, ‘গাড়িতে রোগী নেওয়া যাবে না। নিলে ঝামেলা হবে।’

এদিকে, দুপুর ৩টার দিকে, হাসপাতালের একটি কক্ষে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিচালনা মালিক সমিতির প্রেসিডেন্ট ওসমান, সেক্রেটারি বিনা ও অন্য সদস্যরা বৈঠক করেছেন। তবে সেখানে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। ওই সমিতির পরিচলনা পর্ষদে আছেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

উল্লেখ্য, শনিবার সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের সামনে অ্যাম্বুলেন্সচাপায় শিশুসহ তিনজন নিহত হন। আহত হন পাঁচজন। আহতদের মধ্যে ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা আমেনা বেগম ও তার পাঁচ বছরের ছেলে সজীব। আমেনা বেগমকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করা হলে মৃত সন্তান প্রসব করেন তিনি। এরপর আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রেকার করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বেশকিছু গাড়ি সরিয়ে দেয়।

আরও পড়ুন:
প্রাণ গেলো মায়েরও

/আরজে/বিটি/