তামাকজাত দ্রব্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ প্রদানের দাবি


IMG_20161030_115129_HDR

তামাকজাত দ্রব্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ প্রদানের দাবি জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল।
রবিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল আয়োজিত ‘আইন অনুযায়ী তামাকজাত দ্রব্যে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন-বর্তমান অবস্থা ও প্রেক্ষিত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি তোলেন।
বক্তারা বলেন, তামাকজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। একটি জরিপে দেখা যায়, মাত্র ৪৩% তামাকপণ্যে সচিত্র সতর্কবাণী এসেছে।  আইন অনুযায়ী অধিকাংশই তামাক কোম্পানি ছবি প্রদান করেনি বলে তারা অভিযোগ করেন।
প্রধান আলোচকের বক্তব্যে মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, ‘বৃটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির মতো তামাক কোম্পানিগুলো অত্যন্ত ধূর্ত ও শক্তিশালী। তবু তামাকবিরোধী সামাজিক আন্দোলন ও সরকারের আন্তরিকতায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম অনেক এগিয়েছে। তামাকজাত দ্রব্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ প্রদান করা জরুরি। নইলে ছবিসহ সতর্কবাণী প্রদানে আইনে বর্ণিত ধারা লঙ্ঘন করলেও তামাক কোম্পানিকে শাস্তি প্রদান করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘তামাক চাষের আগ্রাসন ঠেকাতেও কাজ করতে হবে। দরিদ্র কৃষকদের প্রলোভন, দাদন দেওয়ার মাধ্যমে তামাক চাষে ধাবিত করছে। পরিবেশ, খাদ্য নিরাপত্তার স্বার্থে তামাক চাষ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৃটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির টাকায় বিদেশ ভ্রমণ করে তামাক কোম্পানির পক্ষে যারা কথা বলেন, তারাও একসময় উপলব্ধি করবেন যখন তাদের পরিবারেও তামাকের আগ্রাসন দেখা দেবে। তাই সময় থাকতে সবাইকে সতর্ক হতে হবে।’

এর আগে টিসিআরসির প্রকল্প ব্যবস্থাপক ও সদস্য সচিব মো. বজলুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ তামাকবিরোধী জোটের মুখপত্র ‘সমস্বর’ এর নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম সুজন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত নিবন্ধক ও সহযোগী অধ্যাপক ড. শাহআলম চৌধুরী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী জনাব রুহুল কুদ্দুস, 

টিসিআরসির প্রেসিডেন্ট ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মানবিকের কারিগরী পরামর্শক রফিকুল ইসলাম মিলন, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, সিটিএফকে-এর বাংলাদেশের ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভুঁইয়া প্রমুখ।

আরএআর/ এপিএইচ/