সিটিসেলের শুনানি হচ্ছে না আজ

সিটিসেল

তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের আপিল আবেদনের শুনানি আজ সোমবার (৩১ অক্টোবর) হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হওয়ার কথা ছিল।

প্রতিষ্ঠানটির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ‘নট টু ডে’ বলায় তরঙ্গ খুলে দেওয়ার বিষয়ে সোমবারের শুনানি পিছিয়ে গেল।

পাওনা টাকা না দেওয়ায় ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। বিটিআরসি’র এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ২৪ অক্টোবর সিটিসেলের করা আবেদনের প্রেক্ষিতে ২৫ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত ৩১ অক্টোবর শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

১৭ আগস্ট একমাসের শো কজ নোটিস দিয়ে সিটিসেলকে চিঠি দেয় বিটিআরসি। পৌনে ৫০০ কোটি টাকা রাজস্ব বকেয়া থাকায় সিটিসেল গ্রাহকদের প্রথমে ১৬ আগস্ট ও পরবর্তীতে ২৩ আগস্ট পর্যন্ত বিকল্প সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

এর আগে ২৯ আগস্ট আপিল বিভাগ বিটিআরসি’র পাওনা পরিশোধে সিটিসেলকে দু’মাস সময় দেন। এর মধ্যে প্রথম মাসে তিন ভাগের দুই ভাগ ও দ্বিতীয় মাসে বাকি টাকা দেওয়ার আদেশ দেন।

/ইউআই/এসটি/