এক্সট্রা মোহরারদের চাকরি স্থায়ীকরণের দাবি

চাকরি স্থায়ীকরণের দাবি বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশনের

এক্সট্রা মোহরারদের চাকরি অবিলম্বে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) অ্যাসোসিয়েশন। তা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শুক্রবার আয়োজিত এক্সট্রা মোহরারদের বিশেষ সাধারণ সভা (প্রতিনিধি সভা)২০১৬-তে এ দাবি জানান হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন। সহসভাপতি মতসির আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক এসএ সুমন সরকার, প্রচার সম্পাদক রাকিবুল আলম ভূইয়াসহ অপর নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে জানান হয়, রেজিস্ট্রেশন আইনের মূল উদ্দেশ্য হলো স্থায়ী মোহরার দিয়ে রেজিস্ট্রিকৃত দলিলের হুবহু লেখার (নকল তৈরি) কাজ সম্পন্ন করা। নিবন্ধন পরিদফতরের অধীনে জেলা সদর মহাফেজখানাসহ ৪৭৭টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত স্থায়ী মোহরার রয়েছেন ৯৫৪ জন এবং অস্থায়ী নকলনবিস (এক্সট্রা মোহরার)রয়েছেন প্রায় ১৫ হাজার। অথচ দলিল লেখার মতো গুরুত্বপূর্ণ কাজটি অস্থায়ী কর্মচারীদের দিয়ে সম্পন্ন করা রেজিস্ট্রেশন আইনের পরিপন্থী।

বক্তারা বলেন, ১৯৫৪ সাল থেকে এক্সট্রা মোহরাররা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছে। ১৯৫৮ সালে সরকারের বিভিন্ন বিভাগের নকলনবিসদের চাকরি স্থায়ী করা হলেও রেজিস্ট্রেশন বিভাগের নকলনবিসরা বঞ্চিত হন। এরপর থেকে তারা ধারাবাহিকভাবে চাকরি স্থায়ীকরণের আন্দোলন করে আসছেন। বিভিন্ন সময়ে সরকার প্রতিশ্রুতি দিলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি।

ওএফ/ এপিএইচ/

আরও পড়ুন: ‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)