খিলক্ষেতে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

খিলক্ষেতরাজধানীর খিলক্ষেত এলাকায় সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৩০০ অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। খিলক্ষেত রেলগেট থেকে পূর্বমুখী রাস্তার দু’পাশের এসব দোকান দীর্ঘদিন মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে আসছিল।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্টেও অভিযান চালানো হয়। এতে পচা খাবার রাখার দায়ে দু’টি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করে আদালত। রেস্টুরেন্ট দু’টির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দু’টি মামলাও দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ ও স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহনাজ পারভিন উপস্থিত ছিলেন।


/ওএফ/এমও/