‘বিচারকরা পক্ষপাতহীনভাবে বিচার করবেন’

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনফৌজদারি মামলার অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। তিনি বলেন, ‘মানুষের শেষ ভরসার স্থল আদালত। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সঙ্গত আচরণের মাধ্যমে শতভাগ সততা রেখে বিচারকরা পক্ষপাতহীনভাবে  বিচারকাজ করবেন। এর ব্যত্যয় ঘটলে সামগ্রিক বিচারব্যবস্থা সম্পর্কে মানুষের ভুল ধারণা সৃষ্টি হবে।’  শনিবার (২৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী আয়োজিত ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’-এর উদ্বোধনী অনু্ষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা বলেন, ‘অনেক মামলা থাকে, যেখানে কগনিজেন্স নেওয়ার মতো মেটারিয়াল থাকে না, কিন্তু অ্যাজইউজুয়াল কগনিজেন্স নিয়ে নিচ্ছেন।’ তিনি বলেন, ‘বিচারক নিয়োগ হচ্ছে না, কিন্তু হওয়া উচিত। অনেক সময় একই এজলাস দুই থেকে তিনজন বিচারক মিলে ভাগ করে নিচ্ছেন। এই বাধ্যবাধকতার মধ্যেও যদি বিচারকরা সময়কে ঠিকমতো কাজে লাগান, তাহলে অনেক মামলা সময়মতো নিষ্পত্তি করা যাবে।’

জেলা জজদের উদ্দেশে আব্দুল ওহহাব মিঞা বলেন, ‘জেলা জজরা জেলার অভিভাবক।সেটা শুধু কাগজে কলমে হলে চলবে না, কাজেও তার প্রতিফলন থাকতে হবে।’  এ সময় তিনি আসামিদের রিমান্ডের বিষয়ে সাবেক  সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর  বক্তব্যের পরিপ্রেক্ষিতে  আপিল বিভাগের রায় মেনে রিমান্ড সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ দিতে বিচারকদের প্রতি  আহ্বান জানান।

‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

এর আগে দুই দিনব্যাপী আয়োজিত ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’  উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এরপর তিনি ‘বিচার বিভাগীয় তথ্য বাতায়ন’ উদ্বোধন করেন। জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

/জেএ/এমএনএইচ/