শুক্রবার শুরু হচ্ছে ‘সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল’

দেশে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল- ২০১৭’। রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় ফেস্টিভ্যাল শুরু হবে, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)।

সায়েন্স ফিকশন ফেস্টিভ্যালের পোস্টারউৎসবে প্রধান অতিথি হিসেবে ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ।

‘এসো এসো, সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৭ তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের রোবট এলিয়েনের অজানা জগতে’- স্লোগান নিয়ে অনুষ্ঠেয় ফেস্টিভ্যালে থাকছে বই মেলার আয়োজন। মেলায় বিভিন্ন প্রকাশনার বিজ্ঞান বিষয়ক বই ২৫ শতাংশ কমিশনে কেনা যাবে। উৎসবে সর্বোচ্চ সংখ্যক বই ক্রেতাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।

সায়েন্স ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ মানুষের মতো দেখতে রোবট ‘ইবো’। রোবটটি মানুষের মতো কথা বলে মেলায় আগত দর্শনার্থীদের মুগ্ধ করবে। মেলা উদ্বোধনের দিন সকাল এবং বিকালে ড. মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব, মোশতাক আহমেদ, ডা. মিজানুর রহমান কল্লোল, দীপু মাহমুদ, রকিবুল ইসলাম মুকুল, নাসিম সাহনিক, শরিফ উদ্দীন সবুজ, আসিফ মেহদীসহ জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখকরা উপস্থিত থাকবেন।

দ্বিতীয়দিন থাকছে, ড. মুহম্মদ জাফর ইকবালকে সায়েন্স ফিকশনে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ও এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।

সম্মাননা প্রদানের পর লেজার শো এবং সমাপনী অনুষ্ঠানে থাকছে ‘এলিয়েন উৎসব’। শিক্ষার্থীদের তৈরি কিংবা আঁকা এলিয়েনের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ এলিয়েন নির্মাণকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সবশেষে এলিয়েনদের উড়িয়ে দেওয়া হবে মহাশূন্যের উদ্দেশে, এর মধ্য দিয়েই শেষ হবে দু’দিনের এই তারুণ্যের উৎসব।

/এসএমএ/এমও/