জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

জগন্নাথ-বিশ্ববিদ্যালয়-ছাত্রলীগছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৪ কর্মী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গ্রুপের সপ্তম ব্যাচের শিক্ষার্থী স্বাধীন আহমেদ বাদশা, নবম ব্যাচের শিক্ষার্থী আলম এবং শিশির-আগুন গ্রুপের সপ্তম ব্যাচের শিক্ষার্থী নাদিম ও ১১তম ব্যাচের শিক্ষার্থী সাদিক আহত হয়। তাদের সুমনা ও ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরীফুল ইসলাম গ্রুপের কর্মী নিয়নকে উপপ্রচার সম্পাদক আনিসুর রহমান শিশির ও সম্পাদক জহির রায়হান আগুন গ্রুপের কর্মীরা মারধর করে। পরে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহকারী প্রক্টরদের সঙ্গে সমাঝোতা করে দেওয়া হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুর সোয়া একটায় ফের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খান গ্রুপের কর্মীদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এমন ঘটনা ঘটেছে। তবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রলীগের যেকোনও কর্মীর ব্যাপারে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যলয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় কোনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/আরএআর/এমও/