রাজধানীর নাখালপাড়ার বনফুল মোড়ের বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় এ আগুনের সূত্রপাত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাখালপাড়ার স্থানীয় বাসিন্দা কাওসার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে হঠাৎ আগুন দেখতে পাই। টিনশেডের ঘরগুলোর ওপরে আগুন দেখে এর বাসিন্দারা বের হয়ে আসতে থাকেন।’ কাওসার জানান, প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।
কাওসার আরও বলেন, ‘এখানে অনেকগুলো টিনের ঘর। এর পাশেই ৬৬ নম্বর একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবন থেকে বাসিন্দারা আতঙ্কে বাইরে বের হয়ে আসেন।’
আলী মোহাম্মদ নামে এক তরুণ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট ছোট টিনের ঘরগুলো এখন পুড়ছে। স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস একসঙ্গে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।’ বস্তির অনেক বাসিন্দা আহাজারি করছিলেন বলে জানান তিনি।
প্রাথমিকভাবে আগুনের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শেষ খবর পর্যন্ত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ইউনিট বৃদ্ধি করে দশটি করা হয়েছে।
/এআরআর/এমও/টিআর