মেয়র খোকনকে উচ্ছেদের হুমকি দিলেন হকার নেতারা

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে অচিরেই মেয়র সাঈদ খোকনকে উচ্ছেদ করা হবে, বলে হুমকি দিয়েছেন হকার্স শ্রমিক নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে হকার উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তারা এ কথা বলেন। বাংলাদেশে হকার্স ইউনিয়নের নেতা মঞ্জুর মঈনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হকার সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন।

প্রেসক্লাবের সামনে হকার উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত সমাবেশমেয়র সাঈদ খোকনকে উদ্দেশে হকার্স নেতারা বলেন, ‘আপনি হকার উচ্ছেদ করার পাঁয়তারা করবেন না। এটা করলে হকাররা আপনাকে উচ্ছেদ করবে। সরকারি পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন ও দোকান ভাঙচুর করে হকারদের আন্দোলন থামানো যাবে না। হকার উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন ও পুনর্বাসন নীতিমালা তৈরি করুন।’

হকার সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন বলেন, ‘কোনও কিছু দিয়ে আমাদের উচ্ছেদ করতে পারবেন না। কারণ এটা আমাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস। দাবি না মেনে নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

মেয়র সাঈদ খোকনকে ‘বেঈমান’ উল্লেখ করে বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হয়াৎ বলেন, ‘আপনি নির্বাচনের সময় ওয়াদা করেছিলেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করবেন না। কিন্তু আপনি সে ওয়াদা না রেখে আমাদের সঙ্গে বেঈমানি করেছেন।’

ছিন্নমূল হকার সমিতির সভাপতি কামাল সিদ্দিকি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যানজট নিরসনের জন্য নাকি হকারদের উচ্ছেদ করা হযেছে। কিন্তু যানজট তো নিরসন হয়নি বরং সেই ফুটপাতে এখন গাড়ির রাজত্ব চলছে।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুন-অর-রশিদ, জাতীয় সম্মিলিত হকার জোটের উপদেষ্টা সরদার খোরশেদ, বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হাশেম কবির, জাতীয় হকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী, ছিন্নমূল হকার্স লীগের সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, ইসলামী হকার শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

/আরএআর/এমও/